বাংলার মুক্তকন্ঠ; মুক্তচিন্তা হোক মঙ্গলের, সবার জন্য ন্যায়সঙ্গত।

মিন্টু পিন্টুর মনোনয়ন বাতিল - আনিসুল খোকন আব্বাস সালাম রনি কবরীসহ বৈধ ৪২

মিন্টু পিন্টুর মনোনয়ন বাতিল
* আনিসুল খোকন আব্বাস সালাম রনি কবরীসহ বৈধ ৪২ * সেনা চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক


ঢাকা উত্তর সিটি মেয়র পদে বিএনপির চেয়রপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও দক্ষিণে বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার। অন্যদিকে ঢাকা উত্তরে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক, আবদুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ আউয়াল ও দক্ষিণে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপির নেতা আবদুস সালামসহ ৪২ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।
গতকাল সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম ও দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে মেয়র পদে প্রার্থিতা বৈধ ও বাতিলের সিদ্ধান্ত দেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিন দিনের মধ্যে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশন ঢাকায় বিভাগীয় কমিশনারকে আপিল কর্তৃপক্ষ নিয়োগ করেছে। পরবর্তী তিন দিনের মধ্যে তিনি আপিল নিষ্পত্তি করবেন। এদিকে সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি।আগারগাঁওয়ের এনআইএলজি ভবনে উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মো. শাহ আলম মনোনয়নপত্র বাছাইয়ের সময় দুজনের প্রার্থিতা বাতিল করেন। বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতায় সমর্থক আবদুর রাজ্জাক উত্তর সিটি করপোরেশনের ভোটার না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। মিন্টুর আইনজীবী ব্যারিস্টার আনিসুর রহমান জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে। উত্তরে নির্দলীয় মেয়র প্রার্থী মো. নাঈম হাসান ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ সিটি করপোরেশনে বাকি ১৯ জনের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক, জাতীয় পার্টি সমর্থিত বাহাউদ্দিন আহমেদ বাবুল, মিন্টুর ছেলে তাবিথ আউয়াল, সিপিবির আবদুল্লাহ আল ক্কাফী, জাসদ সমর্থিত নাদের চৌধুরী, জাপা চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজ, গণসংহতির মো. জোনায়েদ আবদুর রহমান সাকি, আওয়ামী লীগের সাবেক এমপি সারাহ বেগম কবরী, বিকল্পধারার মাহী বদরুদ্দোজা চৌধুরী। এ ছাড়া চৌধুরী ইরাদ আহম্মদ সিদ্দিকী, মো. শামছুল আলম চৌধুরী, এ ওয়াই এম কামরুল ইসলাম, কাজী মো. শহীদুল্লাহ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মো. আনিসুজ্জামান খোকন, মো. জামান ভূঞা, শেখ শহিদুজ্জামান, শেখ মো. ফজলে বারী মাসউদ ও মোস্তফা কামাল আজাদীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা দক্ষিণে বিএনপির সাবেক নেতা নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টুর মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তার বিরুদ্ধে মামলার সাজা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে নির্বাচনী বিধি মোতাবেক তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানান তিনি। এ ছাড়া ঋণখেলাপি হওয়ায় নির্দলীয় মো. বাবুল সরদার চাখারী ও আয়কর রিটার্নের দলিলাদি জমা দিতে ব্যর্থ হওয়ায় মো. রেজাউল করিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকন, বিএনপি সমর্থিত মির্জা আব্বাস, আবদুস সালাম, আসাদুজ্জামান রিপন, জাপা সমর্থিত মোহাম্মদ সাইফুদ্দিন, আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি। এ ছাড়া মো. আকতারুজ্জামান ওরফে আয়াতুল্লাহ, মো. আবদুল মালেক, জাজিদুর রহমান, আবু নাছের মোহাম্মদ মাসুদ হোসাইন, বাহরানে সুলতান বাহার, শাহীন খান, দিলীপ ভদ্র, শহীদুল ইসলাম, শফিউল্লাহ চৌধুরী, আবদুর রহমান, বজলুর রশীদ ফিরোজ, রিয়াজউদ্দিন, মশিউর রহমান, ইমতিয়াজ আলম, আয়ুব হোসেন ও কাজী আবুল বাশারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ভোট হবে ২৮ এপ্রিল। মেয়র পদে মনোনয়নপত্র বাছাইয়ের পর সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের মনোনয়নপত্র বাছাই আজ।ভোটে সেনা চায় বিএনপি : তিন সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল দলটির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ-এর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায়। বিকাল ৩টার পরে প্রায় দেড় ঘণ্টাব্যাপী শেরেবাংলানগরের ইসি কার্যালয়ে সিইসির সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে হান্নান শাহ বলেন, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র, নিরপেক্ষ ভোটকর্মকর্তা নিয়োগ, সন্ত্রাসী কার্যক্রম বন্ধের বিষয়ে কমিশনকে অনুরোধ করা হয়েছে। ভোটে সেনা মোতায়েনের অনুরোধও করেছি আমরা। আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হবে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই। ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ও দক্ষিণে নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। হান্নান শাহ বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার জন্য সমান সুযোগ তৈরি করার অনুরোধ করেছি আমরা। আমাদের অনেকে প্রার্থী হয়েছেন, দুজনের মনোনয়ন বাতিল হয়েছে। এ বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেছি। নির্বাচনে বিএনপির প্রধান দুই রাজনৈতিক কার্যালয় খুলে দেওয়ার দাবিও তুলে ধরা হয় সিইসির কাছে। রাজনৈতিক নেতা-কার্মীদের হয়রানি বন্ধ, প্রার্থীদের গ্রেফতার না করা, প্রচারণায় সবার সমান সুযোগ, পোলিং এজেন্টদের নিরাপত্তা, ক্ষমতাসীন দলকে বিশেষ সুবিধা না দেওয়ার দাবি তুলে ধরে বিএনপির প্রতিনিধি দল। রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রার্থী রয়েছে। তারা যদি প্রচারণায় অংশ নিতে না পারেন, অন্যরা প্রচারণা চালাবে-তা কী করে হয়। তাতে লেভেল প্লেয়িং ফিল্ড হয় না বলেন হান্নান শাহ। দলটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি সংবলিত একটি লিখিত আবেদনও তুলে ধরা হয়। প্রধান নির্বাচন কমিশনার প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন বলে উল্লেখ করেন হান্নান শাহ। তিনি বলেন, সিইসি তার পক্ষ থেকে যা যা করার করবেন, যেগুলো প্রশাসন করবে সে বিষয়ে তিনি প্রশাসনের সঙ্গে আলাপ করবেন- সিইসির সঙ্গে আলাপ করে মোটামুটি এমনই আশ্বাস পেয়েছি আমরা। সেনা মোতায়েনের দাবির বিষয়ে প্রতিনিধি দলকে ভোটের আগে আইনশৃঙ্খলা বৈঠকে আলোচনার কথা জানান সিইসি। পিন্টু-মিন্টুর বিষয়ে সিইসি বলেছেন, যথাসময়ে (আপিল) আবেদন করলে তা বিবেচনা করা হবে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য জমির উদ্দিন সরকার বলেন, এখন কোথাও কারও নামে মামলা রয়েছে। সেই সঙ্গে অজ্ঞাতনামা দুই হাজারও রয়েছে। ভোটের আগে তাদের অজ্ঞাতনামা বলে আটক করলে ভোট কীভাবে হবে? সাংবিধানিকভাবে কমিশনকে তাদের এখতিয়ারের বিষয়টি বুঝিয়েছি। যেন সবাই ভোটকেন্দ্রে যেতে পারে সে ব্যবস্থা করা হয়।পরিস্থিতি বিবেচনায় সেনা মোতায়েন : পরিস্থিতি বিবেচনা করে আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গতকাল সন্ধ্যায় তিনি এ কথা জানান। বিকালে বিএনপির সাত সদস্যের একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে তিন সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানায়। এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ১৯ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের বৈঠক আছে। ওই বৈঠকেই পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির গ্রেফতার নেতাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিইসি বলেন, এগুলো আইন-আদালতের বিষয়। তারা বলেছেন, তারা জামিন নিয়ে আসবেন। যদি জামিন নিয়ে আসেন তবে এক ধরনের ব্যবস্থা। আর যদি জামিন না নেন তাহলে আরেক ধরনের ব্যবস্থা। কাজেই আদালতের বিষয়গুলো আদালতে মীমাংসা করে আসতে হবে। সিইসি জানান, নির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তবে তা সুনির্দিষ্টভাবে ইসিতে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।ডিসিসি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী। গতকাল আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন।চট্টগ্রামে নাছির-মনজুসহ ১৫১ প্রার্থীর মনোনয়ন বৈধ : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (চসিক) মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছির উদ্দিন, বিএনপি সমর্থিত মনজুর আলম মনজু এবং জাতীয় পার্টি সমর্থিত সোলায়মান আলম শেঠসহ কাউন্সিলর পদে ১৫১ জনের মনোনয়নপত্র বৈধতা ঘোষণা দিয়েছেন রিটার্নিং অফিসার আবদুল বাতেন। এদের মধ্যে মেয়র পদে ১২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১২৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। মেয়র পদে বৈধ ঘোষণা হয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির উদ্দিন, বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম  শেঠ, বিএনএফের আরিফ মঈনুদ্দীন, এমএ মতিন, গাজী মো. আলাউদ্দিন, ওয়াইয়াজ হোসেন ভূঁইয়া এবং ইসলামিক ফ্রন্টের মজিবুল হক শুক্কুর।একই সঙ্গে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২৭ এবং সাধারণ কাউন্সিলর পদে ১২৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার আবদুল বাতেন। তবে ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন, সৈয়দ সাজ্জাদ জোহা, সাইফুদ্দিন আহমেদ ববি, আবুল কালাম আজাদ ও শফিউল আলমের কিছু অসঙ্গতিপূর্ণ কাগজপত্র ঠিক করার পর তাদের বৈধতা দেন। আজ (বৃস্পতিবার) যাচাই-বাছাই চলবে।


0 Komentar untuk "মিন্টু পিন্টুর মনোনয়ন বাতিল - আনিসুল খোকন আব্বাস সালাম রনি কবরীসহ বৈধ ৪২"

KANGLA ONLINE

Copy Protected by Surozeet Kumar Singha.

ONLINE RADIO 1

FM Radio of Bangladesh

RADIO 3

RADIO 4

BREAKING NEWS

Back To Top